কমলগঞ্জে মিশুক চালককে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নূরজাহান-মাধবপুর সড়কের সুপারিবাগান এলাকা থেকে সোমবার এক মিশুকচালকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।কমলগঞ্জ থানা সূত্র জানায়, ভোরে চা-শ্রমিকেরা লাশটি রাস্তায় পড়ে থাকতে দেখে চা-বাগানের ব্যবস্থাপকের মাধ্যমে কমলগঞ্জ থানায় খবর দেন। সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নিহত মিশুকচালক মনির মিয়ার (৪০) বাড়ি শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর গ্রামে। তিনি বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মিশুকচালককে নির্জন স্থানে এনে মুখে গুলি করে, মাথায়, গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মিশুকচালকের ভাই দুলাল মিয়া বলেন, তাঁর ধারণা, ডাকাতেরা মনিরকে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে গেছে।এসআই সৈয়দ মাহবুব জানান, এ ঘটনায় এখনো কমলগঞ্জ থানায় মামলা হয়নি।