কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ ও বৃত্তি পাওয়া কমলগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রানীরবাজারের দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। ইঞ্জিনিয়ার আবদুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে এবং সুশীল কুমার সিংহ ও বিলকিস বেগমের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক অব. এআইজিপি সৈয়দ বজলুল করিম, ঢাকার নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, অন্বেষা মৌলভীবাজারের সভাপতি অধ্যক্ষ কোরেশ খান, মৌলভীবাজার জগৎসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম, সিলেট তাজপুর ডিগ্রি কলেজের অধ্যাপক রণজিৎ সিংহ। অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন সমরজিত সিংহ, সাংবাদিক সালেহ এলাহি কুটি ও অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সিলেট বিভাগ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে; তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৮০০ শিক্ষার্থীকে সংবর্ধনাস্বরূপ একটি করে ডিকশনারি ও সনদ দেওয়া হয়।