কমলগঞ্জে রবীন্দ্র নজরুলজয়ন্তী উদ্যাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে মণিপুরি সাহিত্য পরিষদ ও মণিপুরি ললিতকলা একাডেমির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিব বাজারে মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিপুরি ললিতকলা একডেমির পরিচালক রামকান্ত সিংহের সভাপতিত্বে কবি ও নাট্যকার সুভাশীস সমীর ও প্রভাষ চন্দ্র সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আহসানুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুলহক, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মণিপুরি সাহিত্য পরিষদের সভাপতি লেখক গবেষক রঞ্জিত সিংহ।
আলোচনা পর্ব শেষে মণিপুরি শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্র ও নজরুলসংগীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।