মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের কাছে সিলেট-ঢাকা রেলপথ থেকে গতকাল সোমবার সকালে স্বপ্না বেগম (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেনে কাটা পড়ে ওই গৃহবধূর শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।স্বপ্না বেগম কমলগঞ্জ পৌরসভা এলাকার বড়গাছ গ্রামের নওশাদ মিয়ার মেয়ে। নওশাদ মিয়া অভিযোগ করেন, স্বপ্নার স্বামী রমজান মিয়া (২৫), শাশুড়ি ও তাঁদের আত্মীয়স্বজন যৌতুক না পেয়ে স্বপ্নাকে শারীরিক নির্যাতন করে হত্যার পর রাতে রেলপথে ফেলে রাখেন। পরে কোনো ট্রেন তাঁর ওপর দিয়ে চলে যায়। গতকাল সকালে বড়গাছ গ্রামে রমজানদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা সুন্দর মিয়া স্বপ্নাকে নির্যাতন করে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রোববার রাতে খাবার খেয়ে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েন। স্বপ্না কীভাবে কোথায় গেলেন, তা তাঁরা জানেন না। স্বপ্নাকে ঘরে না পেয়ে ভোর সাড়ে চারটার দিকে তাঁর বাবা নওশাদকে জানানো হয়। সকালে ট্রেনে কাটা পড়া অবস্থায় স্বপ্নার লাশ পাওয়া যায়।রমজান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন স্বপ্নার বড় ভাই মানিক মিয়া।