কমলগঞ্জে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ রেলপাত চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ রেলপাত চুরি করে নিয়ে গেছে একদল মুখোশ পরা দুর্বৃত্ত। গণপূর্ত (রেল) ও রেল পুলিশ ঘটনাস্থলের অদূরের দুটি পুকুর থেকে চুরি হওয়া সাত টুকরো রেলপাত উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে সিলেট থেকে গণপূর্ত বিভাগের (রেল) ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলওয়ের পাহারাদার সিরাজ মিয়া ও আব্দুল খালিক জানান, রোববার দিবাগত রাত পৌনে চারটায় দেশীয় অস্ত্রে সজ্জিত ৩০-৩৫ জনের একদল মুখোশ পরা দুর্বৃত্ত ভানুগাছ রেলস্টেশন থেকে ২০০ ফুট দূরে রেললাইনের পাশে জমিয়ে রাখা বিপুল পরিমাণ রেলপাত (রিলিজ রেলপাত) নিয়ে যায়। পরদিন সোমবার দুপুরে গণপূর্ত বিভাগের (রেল) শ্রীমঙ্গল শাখার উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার শ্রীমঙ্গল জিআরপি থানার ওসিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা পাশের দুটি পুকুর থেকে আট ফুট দৈর্ঘ্যের সাত টুকরো রেলপাত উদ্ধার করেন।