কমলগঞ্জে লাঘাটা নদী থেকে বাঁশের বাঁধ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাঘাটা নদীতে মাছ শিকারের জন্য স্থাপন করা বাঁশের বাঁধ (খাটি ও আড়া) অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এগুলো অপসারণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় জেলেরা লাঘাটা নদীর পতনঊষার ইউনিয়ন এলাকার সাড়ে তিন কিলোমিটারে বাঁশের বাঁধ স্থাপন করে মা ও ডিমওয়ালা মাছ ধরছেন। এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত ও নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার লাঘাটা নদীর শ্রীরামপুর ও গোপীনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নদীর দুই কিলোমিটার থেকে বাঁশের বাঁধ অপসারণ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নদীর দুই কিলোমিটার থেকে বাঁশের বাঁধ অপসারণ করে সবাইকে সতর্ক করা হয়েছে। দুই দিনের মধ্যে লাঘাটা নদীর অন্যান্য এলাকা থেকেও বাঁশের বাঁধ অপসারণ করতে হবে। এগুলো অপসারণ না করলে বাঁধ স্থাপনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।