কমলগঞ্জে লোডশেডিং, ৩৫ হাজার গ্রাহকের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে ক্ষতিগ্রস্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিদ্যুৎ সরবরাহ লাইন দুই মাসেও সংস্কার হয়নি। এতে কুলাউড়া গ্রিড থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করায় ওই লাইনের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। এতে কমলগঞ্জে লোডশেডিং হওয়ায় দুর্ভোগে পড়েছেন ৩৫ হাজার গ্রাহক।
গত ২৬ এপ্রিল রাতে কালবৈশাখীতে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ও টাওয়ার ভেঙে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় পিডিবির ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের কয়েক দিন পর মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা কিছু সংস্কারকাজ করেন। এরপর আর কোনো কাজই হয়নি। এখনো লাইনের ছেঁড়া তার মাটির ওপরই পড়ে আছে।
পিডিবি সূত্রে জানা গেছে, জাতীয় উদ্যানের ক্ষতিগ্রস্ত লাইন মেরামত না করায় ২৬ এপ্রিলের পর থেকে পিডিবির শ্রীমঙ্গল গ্রিড লাইন থেকে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় পবিসের কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অধীন ৩৫ হাজার গ্রাহকের বিদ্যুৎসেবা নিশ্চিত করতে পিডিবির কুলাউড়া গ্রিডের লাইন ব্যবহার করা হচ্ছে, যা ওই গ্রিডের ওপর অতিরিক্ত চাপ (লোড) ফেলছে। ফলে দিন ও রাতে কয়েক দফা লোডশেডিং হচ্ছে। সারা দিন রোজা রাখার পর ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মুসল্লিরাও বেশ কষ্ট পাচ্ছেন।
বিদ্যুৎ গ্রাহক শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, ‘পিডিবির কাছ থেকে বিদ্যুৎ এনে পবিস তার গ্রাহকদের সেবা দেয়। কিন্তু পিডিবির কর্মীদের লাইন মেরামত ও সংস্কারের কাজ করতে দেখা যায় না।’
পবিস কমলগঞ্জ কার্যালয়ের নিম্নমান (জুনিয়র) প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কুলাউড়ার বিদ্যুতের লাইনটি বেশ পুরোনো ও দুর্বল। এ কারণে বিদ্যুৎ সরবরাহের সময় এর ওপর অধিক চাপ পড়ে। এতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে দু-তিনবার কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আবার রাতে তারাবির নামাজের আগে ও পরে একবার করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। প্রতিবার এক ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকে না। শ্রীমঙ্গল গ্রিড লাইন থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া লাইনটি মেরামত করা হলে আর এ সমস্যা থাকবে না।
পবিস কমলগঞ্জ কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী এম হাসনাত হাসান বলেন, ২৬ এপ্রিলের ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। পবিসের কর্মীদের দিয়ে ওই লাইন মেরামত করা সম্ভব নয়। তাই এ কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। শিগগিরই ঠিকাদার প্রতিষ্ঠান মেরামতের কাজ শুরু করবে।