কমলগঞ্জে লোকালয়ে আসা হরিণ জবাই!
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দি বনাঞ্চল থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণকে গতকাল বুধবার জবাই করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় আদমপুর সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হরিণ কাঁঠালকান্দি গ্রামে প্রবেশ করে। এ সময় গ্রামের কতিপয় লোক হরিণটিকে ধরে দ্রুত জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। আদমপুর বন বিট কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস জানান, হরিণ জবাই করে মাংস ভাগাভাগি করার বিষয়টি তিনিও শুনেছেন। এ ঘটনায় কাঁঠালকান্দি গ্রামের কিছু লোক জড়িত থাকতে পারে। কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা সাধন রায় জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাঁঠালকান্দি গ্রামে তল্লাশি করেও হরিণ জবাই করার বিষয়ে তথ্য পাননি। তাঁর ধারণা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হরিণটি হয়তো বনে ফিরে গেছে।সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোওয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।