কমলগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির পাশে ইটভাটা
লোকালয় ও বনায়ন এলাকা থেকে ১০ কিলোমিটার দূরত্বে ইটভাটা স্থাপন করার বিধান থাকলে কমলগঞ্জে এ নিয়ম মানা হচ্ছে না। কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারের ওপর এবং বাড়িঘরের আশপাশে ইটভাটা স্থাপনের আইনগত নিষেধ অমান্য করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর ঘেঁষে, বনায়নসংলগ্ন এলাকা ও কৃষিজমির ওপর গড়ে উঠেছে ইটভাটা।এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। হ্রাস পাচ্ছে কৃষিজমির উর্বরাশক্তি। পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে বলে স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করছে।সরেজমিনে দেখা যায়, উপজেলায় ১৭টি ইটভাটার মধ্যে বর্তমানে ১২টি ইটভাটা চলমান রয়েছে। উপজেলা সদরের কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে একটি, মুন্সিবাজার কালিপ্রসাদ উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি, পতনঊষার ইউনিয়নের আবুল ফজল উচ্চবিদ্যালয় ও আহমদ নগর দাখিল মাদ্রাসাসংলগ্ন দুটি এবং জালালিয়া বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ইটের ভাটা স্থাপন করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইটভাটার ম্যানেজার বলেন, বর্তমানে ইট বিক্রি করে ভাটার মালিকেরা দ্বিগুণ লাভবান হচ্ছেন। ভারতে ইট রপ্তানিকারক ব্যবসায়ী সিলেটের তাহরিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোস্তাক আহমদ উদ্বেগ প্রকাশ করে বলেন, কৃষিজমির উর্বর মাটি দিয়ে যে হারে ইট তৈরি হচ্ছে, ফলে ফসলি জমির ওপর মারাত্মক প্রভাব পড়ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা আক্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা সম্পূর্ণ আইনবহির্ভূত কাজ। ভাটার কালো ধোঁয়া শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ইটভাটায় জমির উর্বর মাটি যাতে না যায়, সে জন্য মাইকিং করে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। তা ছাড়া নতুন করে যাতে কেউ ইটভাটার অনুমতি না পায়, সে ব্যাপারেও সুপারিশ করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে, বনাঞ্চলসংলগ্ন এলাকা ও কৃষিজমির ওপর ইটভাটার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। তা ছাড়া ইটভাটা নিয়ে উচ্চ আদালতে মামলা প্রক্রিয়াধীন থাকায় অবৈধ ইটভাটার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।