কমলগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে ডাকাতি দুজন আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের নিখিল কান্তি বৈদ্যের বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা স্বর্ণালংকারসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।পরিবারের সদস্যরা জানান, রাত দেড়টার দিকে ১২-১৫ জনের একটি ডাকাতদল নিখিল কান্তির ঘরের কলাপসিবল গেটের তালা এবং দরজার সিটকিনি ভেঙে ভেতরে ঢোকে। তারা ধারালো অস্ত্র দিয়ে নিখিল কান্তি ও তাঁর ছেলে পলাশ কান্তি বৈদ্যকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিখিল কান্তির স্ত্রী কৃষ্ণা রানী একটি ডাকাতির মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।