কমলগঞ্জে সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শিশুসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে গৃহবধূ রুমা বেগমের আত্মহত্যার ঘটনায় পুলিশ গত বুধবার রাতে নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে। তাঁকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।নিহত গৃহবধূর বড় বোন রুখশানা বেগম বাদী হয়ে বুধবার রাতে তাঁর বোনের স্বামী পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রাজমিস্ত্রি লেচু মিয়া (৩২) ও শাশুড়ি নুরুন্নেছা বেগমকে (৬০) আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ (জিআরপি) থানায় আরেকটি মামলা করে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর স্বামী লেচু মিয়া কয়েক দফা মূর্ছা যান। বুধবার গভীর রাতে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আয়মুছ আলী জানান, লেচু মিয়াকে গতকাল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদন মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনার মূল রহস্য বের হয়ে আসতে পারে। গতকাল নিহত গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারটি খুবই দরিদ্র প্রকৃতির। এ সময় রামেশ্বপুর ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মোহিত বলেন, পরিবারটি একেবারে অসহায়। লেচু মিয়া যখন যেখানে কাজ পেতেন সেখানে চলে যেতেন। রাজমিস্ত্রির কাজ না পেলে অন্য কাজ করতেন। ঘটনার দিন তিনি ভোরে ধান মাড়াইয়ের কাজে অন্য গ্রামে চলে যান। সন্তান নিয়ে স্ত্রীর আত্মহত্যার খবর শুনে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্যালাইন দিতে হয়েছে। পতনঊষার শিরিষতলা এলাকার নিহত গৃহবধূর চাচা সুন্দর আলী বলেন, ভাতিজি ও তার জামাইয়ের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ ছিল বলে তিনি শোনেননি। তবে মামলার বাদী রুখশানা বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বামী ও শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তাঁর বোন আত্মহত্যা করেছেন।