কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় বন কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল বনদস্যু গত মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারের চৌমুহনা এলাকায় এক বন কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে। গাছ চুরির ঘটনায় করা মামলা প্রত্যাহার না করায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের আগস্টে লাউয়াছড়া জাতীয় উদ্যানের নার্সারি এলাকা থেকে সেগুনসহ বিভিন্ন জাতের অনেক গাছ চুরি হয়েছিল। এ ঘটনায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের আয়াত্তাধীন বাঘমারা বন বিট ক্যাম্প কর্মকর্তা জুলহাস উদ্দীন বালিগাঁও গ্রামের হুরুজ মিয়াসহ ১০ জনকে আসামি করে একটি মামলা করেছিলেন। মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য হুরুজ মিয়া বন কর্মকর্তা জুলহাস উদ্দীনের ওপর চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু জুলহাস উদ্দীন মামলা প্রত্যাহার করে নিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার রাত নয়টার দিকে হুরুজ মিয়ার নেতৃত্বে ১০-১২ জন ভানুগাছ বাজারের চৌমুহনা এলাকায় সড়কের ওপর ফেলে জুলহাস উদ্দীনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত বুধবার হুরুজ মিয়াকে প্রধান আসামি করে মামলা হয়েছে।