বন্যার সময় বরাদ্দকৃত বিশেষ ত্রাণের চাল আত্মসাৎ মামলার নিয়মিত হাজিরা দিতে এলে মৌলভীবাজারের কমলগঞ্জে এক সাবেক ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।গতকাল রোববার মৌলভীবাজার মুখ্য হাকিম আদালত মামলার শুনানিকালে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমানের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে বন্যার সময় বন্যাক্রান্ত মুন্সীবাজার ইউনিয়নের জন্য বিশেষ ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছিল। মুন্সীবাজার ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ত্রাণের চাল বিতরণ না করে তাঁর ব্যক্তিগত গুদামে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ১৮টি বস্তায় চার হাজার ২০০ কেজি ত্রাণের চাল উদ্ধারের পর কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি জিআর মামলা করেছিলেন।