কমলগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি হলেই মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পৌরসভার বাসিন্দারা বলছেন, পানিনিষ্কাশনব্যবস্থা ভালো না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়ক, ভানুগাছ-মাধবপুর সড়ক, ১০ নম্বর রোডের মোড় ও দক্ষিণ কুমড়াকাপন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভানুগাছ চৌমুহনাসংলগ্ন একটি রেস্তোরাঁর পেছনের সরু রাস্তাটির অবস্থা খুবই করুণ।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, একটু বৃষ্টি হলেই এসব এলাকায় দু-তিন দিন পানি জমে থাকে। বিষয়টি বারবার পৌর কর্তৃপক্ষকে জানালেও এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পৌরসভার বাসিন্দা লেখক ও গবেষক আহমদ সিরাজ বলেন, পানিনিষ্কাশনের জন্য সুষ্ঠু ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌর কাউন্সিলর মুজিবুর রহমান ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, আগামী মাসেই এই সড়কের পাশে নর্দমা তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে।

পৌর কাউন্সিলর আশরাফুল হক বলেন, যে কয়টি নালা আছে, সেগুলোতে ময়লা-আবর্জনা জমে পানিনিষ্কাশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া বেশির ভাগ সড়কের পাশে পানিনিষ্কাশনের জন্য নালা নেই। এসব কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হচ্ছে।