কমলগঞ্জে স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল রোববার রেয়াজান মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। উপজেলার মাধবপুর শাহী ঈদগাহ এলাকায় গত শনিবার স্ত্রী মমতা বেগমকে হত্যার চেষ্টা করেন রেয়াজান।এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নানু মিয়ার মেয়ে মমতা বেগমকে ২০০৯ সালে বিয়ে করেন ধলাইপাড় গ্রামের মরহুম মনু মিয়ার ছেলে রেয়াজান। তাঁদের সাদিয়া আক্তার নামে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে মমতা স্বামীর বাড়ি ছেড়ে দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করছেন। গত শনিবার সন্ধ্যায় রেয়াজান মুঠোফোনে স্ত্রী মমতাকে বুঝিয়ে তাঁর বাড়িতে আসার কথা বলেন। এরপর স্ত্রীকে আনতে তিনি শ্বশুরবাড়িতে যান। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে তিনি নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু স্ত্রীকে বাড়িতে না নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকেন। একপর্যায়ে রাত ১১টার দিকে মাধবপুর শাহি ঈদগার পাশে নিয়ে স্ত্রীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে ছুরি দিয়ে তাঁর গলা কাটার চেষ্টা করেন। এ সময় মমতার চিৎকারে লোকজন এগিয়ে এলে রেয়াজান পালিয়ে যান। মমতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সকালে স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোতাহের আলীর সহযোগিতায় গ্রামবাসী রেয়াজানকে আটক করে পুলিশে সোপর্দ করে।কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীহাররঞ্জন নাথ বলেন, এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন মমতা। রেয়াজানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।