কমলগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুরে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রী ও শ্যালক মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টায় ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্র এ কথা জানিয়েছে।সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সুফিয়া বেগম ও শ্যালক মাসুক মিয়া শ্বাসরোধে স্বামী মকবুল মিয়াকে (৫০) হত্যা করেন। হত্যার পর তাঁর গলায় দড়ি লাগিয়ে পাশের জঙ্গলে ফেলে দেন। নিহত মকবুল মিয়ার ছোট ভাই মখদ্দছ আলী অভিযোগ করে বলেন, স্ত্রী ও শ্যালক মিলে তাঁর বড় ভাইকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় তিনি ভাবি সুফিয়া বেগম ও বড় ভাইয়ের শ্যালক মাসুক মিয়াকে আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলার একটি অভিযোগ দায়ের করেছেন।গতকাল শনিবার বেলা আড়াইটায় কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি থানায় নিয়ে যায়। ইসলামপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ওয়াহিদ মিয়া বলেন, পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী ও শ্যালক মিলে মকবুল মিয়াকে হত্যা করেছে। কমলগঞ্জ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত হয়েছে। গতকাল বিকেলে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।