কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছনগাঁও গ্রামে স্বেচ্ছাশ্রমে একটি রাস্তা সংস্কারের সময় পাশের গ্রামের একদল লোক তাতে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবীরা প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়। প্রতিকার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি গ্রামের লোকজন ছনগাঁও জামে মসজিদ থেকে দক্ষিণমুখী ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করে। এ ছাড়া পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট সংস্কার করে।ছনগাঁও জামে মসজিদ কমিটির সভাপতি বশির মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি আছকন মিয়াসহ শতাধিক গ্রামবাসী গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, গ্রামের রাস্তাটির সংস্কারকাজ শেষ করার আগেই পাশের ভানুবিল গ্রামের আমিনুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের কয়েকজন রাস্তা ও কালভার্ট ভেঙে ফেলে। এ ঘটনায় ওই দিনই ইউএনওর কাছে একটি লিখিত আবেদন জানানো হয়েছে।ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমিনুল ইসলাম বলেন, রাস্তাটি সরকারি নয়, এটি ব্যক্তিগত জায়গায় পড়েছে। মালিকের অনুমতি না নিয়ে ছনগাঁও গ্রামের কিছু লোক অন্যায়ভাবে রাস্তা নির্মাণ করে জমি নষ্ট করছিল। তিনি আরও বলেন, রাতের আঁধারে ছনগাঁও গ্রামের লোকজনই ওই রাস্তা ও কালভার্ট ভেঙে ফেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।