কমলগঞ্জে হামলায় বন কর্মকর্তাসহ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছচোরদের হামলায় বন বিভাগের এক কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন৷ গতকাল শনিবার উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
আহত ব্যক্তিরা হলেন লাউয়াছড়া বন বিট কর্মকর্তা মনিরুল ইসলাম (৪০) ও টহল দলের সদস্য আমির হোসেন (৩৫)৷ এ সময় গাছচোরেরা বন বিট কর্মকর্তার মোটরসাইকেলটিও ভাঙচুর করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া থেকে গাছচোরেরা কয়েকটি গাছ কেটে রেললাইনের ওপরে রাখা একটি ট্রলিতে ওঠায়৷ গাছ কাটার খবর পেয়ে বিট কর্মকর্তা মনিরুল ইসলাম ও টহল দলের সদস্য আমির হোসেন ঘটনাস্থলে আসেন। এ সময় ৮-১০ জন গাছচোর পাথর ছুড়ে মেরে তাঁদের আহত করে। পরে তারা কাটা গাছগুলো নিয়ে পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। গাছচোরেরাও পালিয়ে গেছে।