কমলগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের সভা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বেলা ১১টা থেকে আগামীকাল সকাল নয়টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুই পক্ষ হলো সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ সমর্থিত ছাত্রলীগ এবং সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সমর্থিত ছাত্রলীগ।

সাবেক চিফ হুইপ পক্ষের শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল খালিক অভিযোগ করেন, ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আজ শমশেরনগর বাজারের কাছে চৌমোহনায় সভার আয়োজন করা হয়েছিল। এ সভায় সাংসদ এম এ শহীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। গতকাল রাত ১০টার দিকে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ এই সভাস্থল থেকে ৩০ গজ দূরে চা–বাগান সড়কে সংবর্ধনার আয়োজন করে।

অভিযোগের ব্যাপারে সমাজকল্যাণমন্ত্রী–সমর্থিত কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, আজ জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের সংবর্ধনার বিষয়টি আগে থেকেই ঠিক করা ছিল।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ সাইদুল হক (অতিরিক্ত দায়িত্ব) জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে জারি করা ১৪৪ ধারার মেয়াদ আরও বেড়ে যেতে পারে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এম মাসুদ জানান, শমশেরনগরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।