কমলগঞ্জে ২৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রাম থেকে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থলে এসে তাঁদের মুক্ত করেন।উপজেলার রাজকান্দি বনরেঞ্জ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টায় কুরমা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার নূরুল আমীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা আদমপুরের উত্তরভাগ গ্রামের কাঠ চোরদের একটি আস্তানায় অভিযান চালান। এ সময় শতাধিক নারী-পুরুষ তাঁদের অবরুদ্ধ করে রাখেন। পরে ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁরা সেখান থেকে ২৬ দশমিক ৪৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেন।কুরমা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার নূরুল আমীন বলেন, গতকাল মঙ্গলবার উদ্ধার করা সেগুন কাঠ কুরমা বনবিট কার্যালয়ে জমা দিয়ে একটি মামলা করা হয়।কুরমা বনবিট কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ জানান, বিজিবি সদস্যরা যখন কাঠ উদ্ধারের জন্য অভিযান চালান, তখন ঘটনাস্থল থেকে তিনি বেশ দূরে বনের ভেতরে ছিলেন। এ কারণে তিনি বিজিবির অভিযানে অংশ নিতে পারেননি।