কমলগঞ্জে ৮০ জন ছাত্রী পেল নতুন সাইকেল
বিদ্যালয়পড়ুয়া ছাত্রীদের ঝরে পড়া কমাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার ৮০ জন দরিদ্র ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত রোববার সাইকেলগুলো ছাত্রীদের কাছে হস্তান্তর করেন।
উপজেলা পরিষদের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তহবিল থেকে ৬ লাখ টাকা ব্যয়ে এ সাইকেলগুলো কেনা হয়। মাধবপুর ইউনিয়নে সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজে রোববার বিকেল সাড়ে পাঁচটায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রত্যন্ত এলাকা থেকে যেসব ছাত্রী আসে, তাদের মধ্যে ৮০ জনকে বাছাই করে উপজেলা পরিষদ।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, পিছিয়ে পড়াদের বিদ্যালয়মুখী করতে সরকার নানা প্রচেষ্টা চালাচ্ছে। আগামী দিনেও এ চেষ্টা অব্যাহত থাকবে।
সাইকেল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. শাহজালাল, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
ঝরে পড়া কমানো ছাড়া উপজেলার শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন তদারকি শুরু করেছে।
তদারকি প্রক্রিয়ার অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অষ্টম ও দশম শ্রেণির এবং দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মুঠোফোনের নম্বর সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা এসব বিষয় তদারকি করেন।
বিদ্যালয়গুলোতে লেখাপড়ার মান উন্নয়নে ইতিমধ্যে ইংরেজি ও গণিত বিষয়ে উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্র্যাক শিক্ষা কর্মসূচি এতে সহযোগিতা করছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, উপজেলায় শিক্ষার মান বাড়াতে তাঁরা নানা তৎপরতা চালাচ্ছেন। আর ছাত্রীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে, সে জন্য তাঁরা সাইকেল বিতরণ করেছেন।