কমলগঞ্জের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে বন্যা-পরিস্থিতির উন্নতি হলেও তিনটি ইউনিয়নের ২৬টি গ্রামে আরও অবনতি হয়েছে। তবে কমলগঞ্জ-মৌলভীবাজার ও ভানুগাছ-মাধবপুর সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধলাই নদীতে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ ভাসতে দেখা গেছে। লাশ দেখে লোকজন থানায় খবর দিলেও পুলিশ লাশটি উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, তিনি লোকমুখে নদীতে লাশ ভেসে যেতে শুনেছেন। তবে এর কোনো সত্যতা পাননি।গত বৃহস্পতি ও শুক্রবারের টানা বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রাম এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দেয়। ধলাই প্রতিরক্ষা বাঁধের নতুন দুটি ও পুরোনো আটটি ভাঙন এলাকা দিয়ে ঢলের পানি প্রবেশ করায় বন্যার সৃষ্টি হয়। ঢলের পানিতে ভানুগাছ-মাধবপুর সড়কের ধলাইরপার এলাকা ও কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের মইডাইল এলাকা দুই ফুট পরিমাণ পানিতে তলিয়ে যায়। গত শনিবার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করার পর গতকাল রোববার আবার যানবাহন চলাচল শুরু হয়েছে।বন্যার পানিতে উপজেলার অর্ধশতাধিক গ্রামের রাস্তা, ফসলি জমি ও বাড়িঘর নিমজ্জিত হয়। এতে কমলগঞ্জে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের আশঙ্কা, বন্যার পানি নামতে দেরি হলে আমন ধান প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এ ছাড়া বন্যার কারণে বিভিন্ন পুকুর থেকে মাছও ভেসে গেছে।গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় উপজেলার ছয়টি ইউনিয়নের বন্যা-পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিনটি ইউনিয়ন শমশেরনগর, মুন্সীবাজার ও পতনউষারের নিম্নাঞ্চলে ২৬টি গ্রামের বন্যা-পরিস্থিতি আরও অবনতি হয়েছে।গত শনিবার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার প্রমুখ বন্যাকবলিত গ্রাম ও সড়ক পরিদর্শন করেছেন। মোস্তাফিজুর রহমান বলেন, আপাতত কমলগঞ্জের ত্রাণের জন্য ১০ মেট্রিক টন চাল ও ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।