কমলগঞ্জের কেওলার হাওর থেকে ৮০০ কারেন্ট জাল জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেওলার হাওরে অভিযান চালিয়ে ৮০০ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরীর নেতৃত্বে পাঁচ ঘণ্টার বিশেষ অভিযানে এসব জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।ইউএনও ও উপজেলা মত্স্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাওর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিল-নার্সারি কার্যক্রমের অংশ হিসেবে কেওলার হাওরের প্রায় এক হেক্টর জলাশয়ে গত ১৯ মে রুই, মৃগেল ও কাতল মাছের রেণু অবমুক্ত করেন ইউএনও। এর পরপরই সুযোগসন্ধানী শিকারিরা পুরো হাওরে কারেন্ট জাল বসায়। ফলে হাওরে স্বাভাবিকভাবে মাছ প্রজনন হচ্ছিল না। জালে ধরা পড়ে মারা যাচ্ছিল ছোট-বড় বিভিন্ন জাতের দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ। এ ধরনের অভিযোগের ভিত্তিতে ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আসাদ উল্যা ও সহকারী মত্স্য কর্মকর্তা খালেদ আমান এই অভিযান চালান।