কমলগঞ্জের সুজা কলেজে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সুজা মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। ১০ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে কলেজটিতে রাজনীতি, ধূমপান ও ছাত্রসংসদ নিষিদ্ধ রয়েছে। পড়াশোনা ও ফলাফলের দিক থেকে কলেজটি মৌলভীবাজারের অন্য কলেজগুলোর তুলনায় ভালো অবস্থানে রয়েছে। সম্প্রতি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মুঠোফোন ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল।সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ এম মুর্শেদুর রহমান প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষেও মুঠোফোন ব্যবহার করতে শুরু করেছে। অনেক সময় পাঠদানের সময়ও ফোন বেজে উঠছে। এতে পাঠদানে ব্যাঘাত ঘটছে। তিনি আরও জানান, অভ্যন্তরীণ এক জরিপে দেখা গেছে, মুঠোফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা কিছুটা অমনোযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কিছু শিক্ষার্থী মুঠোফোনের অপব্যবহার করছে। এ জন্য বাধ্য হয়ে ১০ মার্চ নিষেধাজ্ঞা আরোপ করে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়।অধ্যক্ষ জানান, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহারের ভালো-মন্দ দিক নিয়ে শিগগিরই কলেজে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কলেজ কর্তৃপক্ষের নিয়ম মেনেই পড়াশোনা করতে হবে। এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি।