মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনি ও রোববারের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আরও চারটি স্থানের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। উপজেলার আটটি ইউনিয়নের ২৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এখন পানিবন্দী। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সাহায্যের চাহিদাপত্র পাঠিয়েছে উপজেলা প্রশাসন।এদিকে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের কমপক্ষে ২৫টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব স্থান রক্ষায় এলাকাবাসী, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।কমলগঞ্জে গত রোববার বিকেলে ঢলের পানিতে ডুবে মারা যাওয়া শিশু মিছবারুনের পরিবারকে মৌলভীবাজার জেলা প্রশাসন পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছে।রোববার রাতে নতুন করে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইপার, শকুর উল্যার গাঁও, মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রাম ও কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের চারটি স্থানে ধলাই প্রতিরক্ষা বাঁধ ভেঙে ঢলের পানি প্রবেশ করে। ফলে ইসলামপুর, আদমপুর, আলীনগর, শমশেরনগর, মুন্সীবাজার, পতনঊষার, মাধবপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌরসভার ২৫টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এসব গ্রামের বাড়ির উঠানে কমপক্ষে এক ফুট পানি উঠেছে। কোনো কোনো বাড়ির বসতঘরেও পানি ঢুকেছে। বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় মাটির দেয়ালের পাঁচটি ঘর ভেঙে গেছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিরক্ষা বাঁধ রক্ষায় মাটিভর্তি বস্তা ফেলা হয়েছে।পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপসহকারী প্রকৌশলী আবদুল গনি বলেন, ‘বিপৎসীমার ওপর দিয়ে মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং দ্রুত বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা প্রতিরক্ষা বাঁধ রক্ষায় চেষ্টা করছি।’কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন পরিস্থিতি তদারক করছে। এদিকে প্রশাসন জেলা প্রশাসক ও জাতীয় সংসদের চিফ হুইপ এম এ শহীদকে অবহিত করে ৫০ হাজার টাকা ও ৫০ মেট্রিক টন চালের চাহিদাপত্র পাঠিয়েছে এবং উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে পানিবন্দী মানুষের জন্য তিন মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক বলেন, ‘এখনো কোনো বাঁধ ভেঙে পানি ঢোকেনি। তবে আট-দশটি স্থান নিয়ে আমরা সতর্ক আছি।’