কমলছড়ি ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে আদিবাসী-বাঙালি সংঘর্ষের পর গতকাল শনিবার বিকেল তিনটায় বীচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে আদিবাসী-বাঙালি সবাই হাত তুলে শান্তি-সম্প্রীতি সৌহার্দ্য পরিবেশ রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।

কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুপন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভূয়াছড়ি সাব জোনের কমান্ডার মেজর জাভেদ মিয়া, খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা কমলছড়ি গ্রামের আদিবাসী গৃহবধূ হত্যা ও তাঁর পরবর্তী সময়ে সংঘটিত ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটছে। আর প্রত্যেক অভিভাবক তাঁদের সন্তানদের ও রাজনৈতিক নেতারা নিজ নিজ সম্প্রদায়ের লোকজনের নিয়ন্ত্রণ করতে পারলে এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা কম। এ ছাড়া এলাকার জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃত্ব হেডম্যান-কার্বারী ও গুচ্ছগ্রামের লিডাররা তৎপর থাকলে শান্তিবিঘ্ন ঘটে এমন ঘটনা ঘটার আশঙ্কা কমে আসবে।

সম্প্রীতি সমাবেশে মহালছড়ি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম সম্প্রীতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এলাকার জনগণের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সবাই শান্তি চান। কিন্তু আপনাদেরই অজান্তে অশান্তি সৃষ্টিকারীরা আপনাদের মধ্য থেকে অশান্তি সৃষ্টি করছে। এলাকার জনগণ সজাগ থাকলে শান্তি বিনষ্টের কোনো ঘটনা ঘটবে না।

সভায় বক্তব্য দেন কমলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান ফরাজী, ভূয়াছড়ি গুচ্ছগ্রামের আবুল হোসেন, এস এম হায়দার আলী, আদিবাসীদের পক্ষে বিপ্লব তালুকদার, অনিতা রঞ্জন চাকমা, অরিন্দম চাকমা প্রমুখ।

খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি গ্রামের চর এলাকা থেকে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদিবাসী গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার জের ধরে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ভূয়াছড়ি গুচ্ছগ্রামের বাঙালিদের সঙ্গে কমলছড়ি, বেতছড়ি খ্রিষ্টান পাড়া, বেতছড়ি মুখপাড়া ও বড়নাল গ্রামের আদিবাসীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় সম্প্রদায়ের ১৩ জন আহত হন।