খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে পরপর দুই দিন আদিবাসী-বাঙালি সংঘর্ষের পর গতকাল বৃহস্পতিবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কমলছড়ি ইউনিয়ন ও মহালছড়ি উপজেলায় এখনো ১৪৪ ধারা বলবৎ আছে।
আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে ঘরছাড়া অনেক আদিবাসী এখনো তাদের ঘরে ফিরে আসেনি। তবে এলাকায় এখনো সেনাসদস্য ও বিজিবি সদস্যদের টহল অব্যাহত রয়েছে।
কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুপন খীসা বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ভুয়াছড়ি গুচ্ছগ্রামের বাঙালিদের নিয়ে একটি আইনশৃঙ্খলাবিষয়ক সভা হয়েছে।
এ সভায় সিদ্ধান্ত হয়, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী শনিবার পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের মুরব্বিদের নিয়ে শান্তি সমাবেশ করা হবে। এতে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হবে।’
কমলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও বেতছড়ি খ্রিষ্টানপাড়ার বাসিন্দা সত্যব্রত চাকমা জানান, তাঁদের গ্রামের বাসিন্দারা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। এ কারণে বৃহস্পতিবার গ্রামের কেউ বাজারে যাননি।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান এক বিবৃতিতে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ও বেতছড়ি গ্রামে পাহাড়িদের ওপর হামলাকারী ও হামলার উসকানিদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।
১৫ ফেব্রুয়ারি কমলছড়ি গ্রামের চর এলাকার সীমগাছের ঝোপের নিচ থেকে আদিবাসী তরুণী সবিতা চাকমার (৩০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার জন্য ওই চর এলাকা থেকে বালু তোলার কাজে নিয়োজিত ট্রাক্টরচালক ও শ্রমিকদের সন্দেহ করা হয়। এ ঘটনার জের ধরে ২৫ ও ২৬ তারিখ ভুয়াছড়ি গুচ্ছগ্রামবাসীদের সঙ্গে পাশের আদিবাসী-অধ্যুষিত কমলছড়ি গ্রাম, বেতছড়ি খ্রিষ্টানপাড়া, বেতছড়িমুখ এলাকার আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে দুই দিনে মোট ১৩ জন আহত হন।