কমলনগর থানা চত্বরে আ.লীগ-যুবলীগের হাতাহাতি, মারধর
লক্ষ্মীপুরের কমলনগর থানা চত্বরে গত সোমবার রাতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। মেঘনা নদীতে গলদা চিংড়ি পোনা পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কমলনগর উপজেলার মেঘনা নদীর কয়েকটি মাছঘাট থেকে গলদা চিংড়ির পোনা ট্রলার দিয়ে বরিশালে পরিবহন করা হয়। এই কাজের নিয়ন্ত্রণ নিয়ে উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতা আবদুল বাছেত ও চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ হাওলাদারের সঙ্গে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চর ফলকন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা ওরফে মোস্তফা মেম্বারের সঙ্গে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল।সূত্র আরও জানায়, ওই দ্বন্দ্ব মীমাংসার জন্য সোমবার রাত সাড়ে আটটার দিকে কমলনগর থানা চত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন মাস্টার এবং তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন সেলিম উভয় পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে উভয় পক্ষ তুমুল বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষে হাতাহাতি শুরু হয়। ওই সময় রাজ্জাক ও মোস্তফা মেম্বারের লোকজন আবদুল বাছেতের পক্ষের জামাল সর্দারকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। পরে পুলিশ উভয় পক্ষকে থানা চত্বর থেকে বের করে দেয়।এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা নুরুল আমিন মাস্টার বলেন, ‘ওটা দলের অভ্যন্তরীণ বিষয়। দলের অতি-উৎসাহী কিছু নেতা-কর্মী বিশৃঙ্খলা করেছে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’