কমলনগর থানার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
লক্ষ্মীপুরের কমলনগর থানার দুই পুলিশ কর্মকর্তাকে গত শনিবার প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে মাছ লুট এবং গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান জানান, পুলিশের উপপরিদর্শক মো. সফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. আশ্রাফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাঁদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এদিকে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ গত শুক্রবার সদরের হাজির হাট বাজারে বিক্ষোভ-সমাবেশ করেছে। অপর দিকে প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তাদের পুনর্বহাল এবং ছাত্রলীগের কর্মীদের জড়িয়ে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রলীগ শনিবার সন্ধ্যায় বিক্ষোভ করে। মাছ লুট ও গৃহবধূর শ্লীলতাহানির ওই মামলায় স্থানীয় ছাত্রলীগের আট কর্মীও আসামি।এজাহার অনুযায়ী, ১৫ অক্টোবর রাতে উপপরিদর্শক সফিকুল ও সহকারী উপপরিদর্শক আশ্রাফুল উপজেলার পাটোয়ারীর হাট ইউনিয়নের এক মাছ ব্যবসায়ীর বাড়িতে যান। সেখান থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার ইলিশ মাছ লুট করেন। এ সময় ছাত্রলীগ নামধারী কয়েকজন বখাটে তাঁদের সাহায্য করে। পুলিশ ওই বখাটেদের নিয়ে মাছ ব্যবসায়ীর স্ত্রী ও তাঁর মেয়েকে মারধর করে। তারা ব্যবসায়ীর স্ত্রীর শ্লীলতাহানীও ঘটায়। এ ঘটনার পর ওই মাছ ব্যবসায়ী ১৭ অক্টোবর আদালতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছাত্রলীগের আট কর্মীর বিরুদ্ধে মামলা করেন।