কমলনগরে আ.লীগ নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুবলীগের নেতা আবদুল মান্নানকে খুন করার মিথ্যা ঘটনা সাজিয়ে মামলার মাধ্যমে প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের এক যুগ্ম আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার তাঁকে অব্যাহতি দেওয়া হয়। আবদুল মান্নানের বলে যে লাশটি দাফন করা হয়েছে, সেটির পরিচয় পাওয়া যায়নি। লাশটির পরিচয় বের করার জন্য তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।অব্যাহতি দেওয়া ওই নেতা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম চৌধুরী। গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই দিন আরও একজন যুগ্ম আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন উল্লিখিত দুজনকে দল থেকে অব্যাহতি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।কমলনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. নুরুল আমিন বলেন, রফিকুল ইসলাম চৌধুরী চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবদুল মান্নানকে হত্যা করার মিথ্যা ঘটনা সাজিয়ে গত বছরের এপ্রিল মাসে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. সাইফুল্লাহসহ নয়জনের বিরুদ্ধে মামলা করান। তিনি তদবির করে দলের নেতাদের মিথ্যা তথ্য দিয়ে যুবলীগের ওই নেতার স্ত্রী বিবি ফাতেমাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লাখ টাকা অনুদান পাইয়ে দেন।নুরুল আমিন আরও জানান, গত ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় চাচাশ্বশুর সফিকুল ইসলামের বাসা থেকে যুবলীগের ওই নেতাকে আটক করার পর রফিকুল ইসলামের প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে যুবলীগের নেতা আবদুল মান্নান হত্যার মিথ্যা ঘটনা সাজিয়ে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁকে দল থেকে ষড়যন্ত্রমূলকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, গত বছরের ৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে দেওয়া সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর কটোরিয়া খাল এলাকা থেকে বিকৃত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ১০ এপ্রিল ভোরে আবদুল মান্নানের স্ত্রী বিবি ফাতেমা লাশটি দেখে তাঁর স্বামীর নয় বলে জানান। কিন্তু দুপুর ১২টার দিকে পুনরায় তিনি থানায় এসে লাশটি তাঁর স্বামীর বলে দাবি করেন। এ ঘটনায় বিবি ফাতেমা ১১ এপ্রিল মামলা করেন। গত ৩১ জানুয়ারি যুবলীগের সেই নেতাকে পুলিশ আটক করে। তিনি এখন পুলিশের নিরাপত্তা হেফাজতে আছেন। এ নিয়ে ২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘লক্ষ্মীপুরে নিহত যুবলীগ নেতা গাজীপুরে আটক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।