কমলনগরে আ.লীগ সভাপতির কাণ্ড
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাঁর কাছে তিন লাখ ৬০ হাজার টাকা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামের বাসিন্দা প্রবাস-ফেরত আনোয়ার উল্যাহ জানান, তাঁর ছোট ভাই রফিক উল্যাহ সংযুক্ত আরব আমিরাতে আছেন। এক বছর তিন মাস আগে নুরুল আমিনের কাছ থেকে দুই লাখ ৬০ হাজার টাকা নিয়ে তাঁর ছেলে সোহেলকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানোর ব্যবস্থা করেন রফিক। সোহেল এক বছরেরও বেশি সময় ধরে সে দেশে কাজ করছেন। সম্প্রতি আবুধাবিতে রফিকের সঙ্গে সোহেলের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়।আনোয়ার অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে সম্প্রতি নুরুল আমিন তাঁকে মারধর করে সাদা স্ট্যাম্পে সই নিয়েছেন এবং হুমকি-ধমকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৬২ হাজার টাকা নিয়েছেন।আনোয়ারের অভিযোগ, গত শুক্রবার সকালে নুরুল আমিনের লোকজন তাঁকে জোর করে উপজেলার তোরাবগঞ্জ বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে যায়। তাঁকে মারধর করে ১৫০ টাকার দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তিন লাখ ৬০ হাজার টাকা দাবি করেন নুরুল আমিন।আনোয়ারকে মারধর করা হয়নি দাবি করে নুরুল আমিন গত রোববার প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে সোহেলকে যে কাজ দেওয়ার কথা বলে তাঁরা বিদেশে নিয়ে গিয়েছিল, সে কাজ দেওয়া হয়নি। এ জন্য সোহেল বিদেশে সমস্যায় আছে। তাই আনোয়ারকে আমার অফিসে এনে তাঁর কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছি। দুই লাখ ৬০ হাজার টাকার পরিবর্তে সুদ-আসলে আমাকে তিন লাখ ৬০ হাজার টাকা দিতে হবে।’তবে আবুধাবি থেকে মুঠোফোনে রফিক উল্যাহ জানান, চুক্তি অনুযায়ী সোহেলকে কাজ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে আবুধাবিতেই কর্মরত আছেন এবং সংশ্লিষ্ট সব কাগজপত্র তাঁর সঙ্গে রয়েছে।