কমলনগরে ইউপি চেয়ারম্যানের ওপর জেলেদের হামলা, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে মাছ ধরতে বাধা দেওয়ায় গত বুধবার সন্ধ্যায় জেলে ও দাদন ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিনের ওপর হামলা চালিয়েছেন। ওই সময় হামলাকারীরা আশরাফ উদ্দিন ও তাঁর সঙ্গে থাকা নয়জন ব্যক্তিকে আটক করে রামগতি উপজেলার জারিরদোনা মাছঘাটে এনে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ঘাটেই ফেলে রাখেন। খবর পেয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চরফলকন এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে রাত ১০টায় গুরুতর আহতাবস্থায় আশরাফ উদ্দিনসহ অপর আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ওই ঘটনায় কমলনগরের চরফলকন এলাকার মো. বশির ও আবদুল খালেক নিখোঁজ রয়েছেন। ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিনের সঙ্গে অপর আহত ব্যক্তিরা হলেন: চরফলকন এলাকার মোস্তফা মাঝি, মনির হোসেন, মো. ইস্রাফিল, নাছির উদ্দিন, মো. হান্নান, আলমগীর হোসেন ও কবির হোসেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিনিধিকে বলেন, নিষিদ্ধঘোষিত সময়ে (২৫ সেপ্টম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন) মেঘনার ইলিশের অভয়াশ্রমে জাল ফেলে মাছ ধরতে দেখে তিনি বিষয়টি স্থানীয় মাতব্বরহাট কোস্টগার্ড কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কামরুল আহসানকে মুঠোফোনে জানান। কোস্টগার্ড ঘটনাস্থলে যাওয়ার আশ্বাস দেওয়ায় তিনি স্থানীয় লোকজনসহ একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আকস্মিকভাবে জেলেরা তাঁদের ওপর হামলা চালান।মুঠোফোনে চেয়ারম্যানের সঙ্গে কথা হওয়ার কথা স্বীকার করে মাতব্বরহাট কোস্টগার্ড কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কামরুল আহসান বলেন, ঘটনাস্থলে পৌঁছে কাউকে না পেয়ে তাঁরা ফিরে যান। ওই সময় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও চেয়ারম্যানকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আল আমিন চেয়ারম্যান আশরাফ উদ্দিনসহ নয়জনকে আহতাবস্থায় জারিরদোনা মাছঘাট থেকে উদ্ধার করার কথা স্বীকার করেছেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিঞা বলেন, চেয়ারম্যানসহ আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।