কমলনগরে কারেন্ট জাল পতেঙ্গায় অপরিশোধিত পামতেল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাদা দুটি অভিযানে লক্ষ্মীপুর জেলার কমলনগর এলাকা থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকা থেকে দুই হাজার ২০০ লিটার অপরিশোধিত পামতেল উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার এসব অভিযান চালানো হয়। কোস্টগার্ড সূত্র জানায়, ‘জাটকা নিধন প্রতিরোধ-২০১২’ উপলক্ষে রোববার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত কমলনগর থানার কালকিনি ইউনিয়নের ছদলারঘাট, বাতিরঘাট ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের টহলদল কারেন্ট জাল জব্দ করে। একই দিন গভীর রাতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় কোস্টগার্ডের পৃথক একটি দল অভিযান চালায়। তারা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ অপরিশোধিত পামওয়েল আটক করে। কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের তথ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিম জানান, আটক কারেন্ট জালের দাম আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা। এসব জাল পুড়িয়ে ফেলা হয়েছে।