কমলনগরে জামায়াত নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে ‘যুবলীগের কর্মীরা’ পাটারিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল আহাদকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আবদুল আহাদ হাজিরহাট বাজার এলাকার একটি বাড়িতে যান। যুবলীগের কর্মীরা তাঁকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক বলেন, হাজিরহাটের ওই বাড়িতে জামায়াত-শিবিরের লোকজন গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা যুবলীগের কর্মীদের ওপর হামলা চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে আবদুল আহাদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আহাদকে পিটিয়ে জখম করার কথা তিনি অস্বীকার করেন।
উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন বলেন, ওই বাড়িতে জামায়াত-শিবিরের কোনো বৈঠক ছিল না। আহাদ ব্যক্তিগত কাজে সেখানে যান। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, যুবলীগের কর্মীরা আহাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন। চিকিৎসার জন্য আহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার (গতকাল) আহাদকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়। ওসি জানান, নাশকতার অভিযোগে আহাদের বিরুদ্ধে ১০টি মামলা আছে। একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে আহাদকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় কয়েকটি স্থানে রক্তাক্ত জখম রয়েছে। এ ছাড়া ডান হাতে আঘাতজনিত ফোলা আছে। শুক্রবার সকালে তিনি অস্বাভাবিকভাবে বমি করতে থাকেন। এ অবস্থায় তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।