কমলনগরে জেলেদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিনের ওপর জেলেদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে এলাকার কয়েক হাজার মানুষ একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন। চর ফলকন ইউনিয়ন পরিষদ ওই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। চর ফলকন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপি মেম্বার আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, খলিলুর রহমান, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, বিএনপির নেতা মোফাজ্জল দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোস্তাফিজ হাওলাদার, স্থানীয় সমাজকর্মী আবদুল মজিদ পলোবান, ডা. সুজন প্রমুখ।সমাবেশে বক্তারা চেয়ারম্যান আশরাফ উদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ওই ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা রামগতি ও কমলনগর থানার দুই ওসির প্রত্যাহার দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তাঁরা সড়ক অবরোধ করাসহ এলাকার সবকিছু বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন। এদিকে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিনের সুস্থতা কামনা করে কমলনগর উপজেলা ইমাম সমিতি গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।