কমলনগরে টিআর প্রকল্পের বরাদ্দ থেকে চাঁদাবাজি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিশেষ টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের বরাদ্দ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। কমলনগর নদীভাঙন প্রতিরোধ কমিটির নামে নুরুল আমিন ওই চাঁদা আদায় করছেন। তিনি রসিদ দিয়ে প্রকল্পের কাজের জন্য বরাদ্দ প্রতি মেট্রিক টন চালের বিপরীতে প্রকল্প চেয়ারম্যানদের কাছ থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করছেন। এতে প্রকল্প চেয়ারম্যানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং লুধুয়া ফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্লাহ (প্রকল্প চেয়ারম্যান) জানান, তাঁর মাদ্রাসা এবং মাদ্রাসাশিক্ষক সমিতির নামে পৃথকভাবে বরাদ্দ দেওয়া দুই মেট্রিক টন চালের বিপরীতে নুরুল আমিন দুই হাজার টাকা চাঁদা নিয়েছেন। কমলনগর নদীভাঙন প্রতিরোধ কমিটির নামে ছাপানো ক্রমিক নম্বরবিহীন সাধারণ রসিদ দিয়ে এ চাঁদা আদায় করা হয়েছে। প্রকল্প চেয়ারম্যান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কমরেড তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ বিল্লাহ, মধ্যচর মার্টিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ ও চরজগবন্ধু বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মনসুর আহমদ অভিযোগ করেন, তাঁদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া টিআর প্রকল্পের প্রতি টন চালের বিপরীতে এক হাজার টাকা হারে চাঁদা দিতে হয়েছে। তাঁরা বলেন, ওই চাঁদার টাকা প্রকল্প ব্যয়ের সঙ্গে সমন্বয় করতে গিয়ে তাঁদের বেকায়দায় পড়তে হচ্ছে।অভিযুক্ত নুরুল আমিন টিআর প্রকল্পের বরাদ্দ থেকে চাঁদা আদায় করার কথা স্বীকার করে বলেন, নদীভাঙন প্রতিরোধ কমিটির সরবরাহ করা রসিদ দিয়ে ওই চাঁদা নেওয়া হয়েছে।কমলনগর নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত বলেন, মেঘনা নদীভাঙন থেকে কমলনগর উপজেলার বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করতে জংলা বাঁধ দেওয়ার জন্য নুরুল আমিনকে ব্যক্তিগত অনুদান গ্রহণ করতে বলা হয়েছে, কোনো প্রকল্পের বরাদ্দ থেকে চাঁদা নিতে বলা হয়নি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমানউল্লাহ জানান, চলতি অর্থবছরে উপজেলায় টিআরের ১২১টি প্রকল্পের বিপরীতে ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে প্রকল্প চেয়ারম্যানেরা ওই চালের বিপরীতে কাউকে চাঁদা দিচ্ছেন কি না তা তাঁর জানা নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবু তাহের বলেন, টিআর প্রকল্পের বরাদ্দ থেকে চাঁদা আদায়ের কথা তিনি শুনেছেন, তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। আরও খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।