কমলনগরে ডাকাতের গুলিতে নিহত ১
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কড়ইতলা গুদামঘর এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে সন্দেহভাজন ডাকাতের গুলিতে আবদুল ওদুদ জমাদার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ১০-১৫ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত আবদুল ওদুদ জমাদারের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এতে বাধা দিলে ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়ে ও বাড়ির লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় আবদুল ওদুদ, ওদুদের ছেলে ওমানপ্রবাসী আবদুর রহমান (৪৬), নাতি মো. রাসেল (২১) ও এক নাতনিসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ওদুদ জমাদারকে মৃত ঘোষণা করেন।
আবদুর রহমান ও মো. রাসেলকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ নুরুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম জানান, ওদুদ জমাদারের বুকে গুলি লেগেছে।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ডাকাতেরাই ওই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য ওদুদের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।