কমলনগরে নির্বাচনী সহিংসতার ঘটনায় একজনের মৃত্যু, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের (ইউপি) চর জাঙ্গালিয়া এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ইউপি নির্বাচনের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবুল বাসার মিস্ত্রি (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। আগামী ২ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।স্থানীয় সূত্র জানায়, সদস্য পদপ্রার্থী মো. মোমিন উল্যাহর কর্মীরা গত মঙ্গলবার রাত দেড়টার দিকে চর জাঙ্গালিয়া এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন—এ খবরে অপর সদস্য পদপ্রার্থী মো. সিরাজুল ইসলামের সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষের ঘটনার সঙ্গে ছেলের জড়িত থাকার খবর পেয়ে আবুল বাসার মিস্ত্রি ঘটনাস্থলে ছুটে যান। সংঘর্ষে আহত ব্যক্তিদের অবস্থা দেখে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে সদস্য পদপ্রার্থী মোমিন উল্যাহর ছেলে মো. রিয়াজ, অপর সদস্য পদপ্রার্থী সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়। রিয়াজ ও আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান জানান, আবুল বাসারের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ঘটনার আকস্মিকতায় তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ অথবা স্ট্রোক হয়ে থাকতে পারে। তবে রিয়াজের মাথায় জখম ও আনোয়ারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা জানান, আবুল বাসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।