লক্ষ্মীপুরের কমলনগরে নির্বাচনের দিন বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনবিরোধীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বুধবার রাতে কমলনগর থানায় নয়টি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের দায়ের করা এসব মামলায় অজ্ঞাতনামা দুই হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে পাটোয়ারিরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, চরফলকন ইউনিয়ন জামায়াতের কর্মী মো. কামাল হোসেন, ছাত্রদলের কর্মী জাহাঙ্গীর আলম এবং চরজাঙ্গালীয়া এলাকার শিবিরের কর্মী মো. ইউছুফ ও জাফর আহমদকে পুলিশ বুধবার রাতে গ্রেপ্তার করেছে। তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চরফলকন জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিরহাট মিল্লাত একাডেমি, চরলরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেন, মধ্য চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতাব্বরহাট মডেল একাডেমি, দক্ষিণ পূর্ব চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম লরেন্স বালিকা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসব মামলা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির মামলার সত্যতা নিশ্চিত করেছেন।