কমলনগরে পরাজিত প্রার্থীর হামলায় তিন পুলিশ আহত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে এক পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় পুলিশের তিন কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই ওয়ার্ডের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাটারিরহাটের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে ব্যালট বাক্সগুলো উপজেলা নিয়ন্ত্রণকক্ষের উদ্দেশে নেওয়া হয়। কেন্দ্রের সামনে আসামাত্র ওই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী আবদুল গফুরের শতাধিক সমর্থক হামলা চালায়। তারা নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। একপর্যায়ে তারা ভোটকেন্দ্রের দরজা-জানালা, বেড়া ভাঙচুর করে।