কমলনগরে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই পরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল বুধবার দুপুরে পুলিশকে পিটিয়ে মো. শাহজাহান ওরফে আবু সায়েদ নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় দুজন কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ছিনতাই করা আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে।
আহত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাব উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহসিন ও কনস্টেবল মো. মহিউদ্দিন।
কনস্টেবল মো. মহিউদ্দিন ও গুলিবিদ্ধ শাহজাহানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই সাহাব উদ্দিন ও এএসআই মহসিনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই মো. সাহাব উদ্দিন জানান, গত ১৫ মার্চ কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন উত্তর পশ্চিম চরমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকেরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। ওই ঘটনায় দায়ের করা মামলা তদন্তের জন্য গতকাল দুপুরে তিনি চরমার্টিন এলাকায় যান। মামলার এজাহারভুক্ত আসামি মো. শাহজাহান ওরফে আবু সায়েদকে সেখানে পেয়ে তিনি তাঁকে গ্রেপ্তার করেন। ওই সময় বিএনপি-জামায়াতের শতাধিক কর্মী-সমর্থক ও শাহজাহানের আত্মীয়স্বজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান এবং তাঁদের পিটিয়ে আহত করে শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যান। ওই সময় হামলাকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আমির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শটগানের ছয়টি গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করেন। পরে অভিযান চালিয়ে ছিনতাই করা আসামি মো. শাহজাহানকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেন।
এদিকে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আহাম্মদ দাবি করেন, পুলিশ সাদা পোশাকে এলাকায় গিয়ে শাহজাহানের ছেলে দিদার হোসেনকে গ্রেপ্তার করে। ওই সময় শাহজাহান তাঁর আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে সাদা পোশাকের পুলিশের ওপর হামলা চালিয়ে দিদারকে ছিনিয়ে নেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলোপাতাড়ি গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে একটি সিএনজিতে তুলে তাঁর পায়ে গুলি করে আহত করে।
এদিকে শাহজাহানকে গ্রেপ্তারের পর সিএনজিতে তুলে পায়ে গুলি করে আহত করার অভিযোগ অস্বীকার করেছেন হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আমির হোসেন। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হামলাকারীদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি চালালে শাহজাহান গুলিবিদ্ধ হতে পারেন।
তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।