কমলনগরে ভাঙনে সাড়ে ৩০০ পরিবার ভিটেছাড়া
বৃষ্টি ও জোয়ারের কারণে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়নে গত এক সপ্তাহে মেঘনার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত এক মাসে সাড়ে তিন শ পরিবার বাড়ি-ঘর হারিয়েছে।
কমলনগর উপজেলা ভূমি ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, পাটোয়ারীর হাট থেকে শুরু করে চরকালকিনি পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে মেঘনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।
গত এক মাসে চরজগবন্ধু গ্রাম, পশ্চিম চরফলকন গ্রাম, দক্ষিণ চরকালকিনি, দক্ষিণ চর লরেঞ্চ গ্রামে সাড়ে তিন শ পরিবার নদীভাঙনের শিকার হয়ে বেড়ি বাঁধসহ পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়েছে।
চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এন এম আশ্রাফ উদ্দিন জানান, গত এক মাসে পশ্চিম চর ফলকন গ্রামের ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সাহেবের হাট ইউপির চেয়ারম্যান আবুল খায়ের জানান, চলতি বর্ষায় প্রচণ্ড জোয়ারে তার ইউনিয়নের চরজগবন্ধু ও মাতব্বরনগর এলাকার ২৩০টি পরিবার নদীভাঙনের শিকার হয়েছে।
চরকালকিনি ইউপির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্যা জানান, আষাঢ় মাসে চর কালকিনি ও দক্ষিণ চর লরেন্স গ্রামের ১০০ পরিবার ভাঙনের শিকার হয়ে এলাকা ছেড়ে চলে গেছে।