কমলনগরে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
লক্ষ্মীপুরের কমলনগরে মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল শনিবার এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. কাউসারের (২০) বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায়।
কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুল হোসেন বলেন, কমলনগরের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী মাদ্রাসায় যাওয়ার জন্য শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। কাউসারও ওই অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর কাউসার ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন। ছাত্রীটির চিৎকারে চালক অটোরিকশা থামান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে কাউসারকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার দায় স্বীকার করায় কাউসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।