কমলনগরে মাদ্রাসায় ভাঙচুর ছাত্র-শিক্ষকসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একদল লোক স্থানীয় একটি মাদ্রাসায় ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের সঙ্গে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সংঘর্ষ হয়। গতকাল শুক্রবার সংঘটিত এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। কমলনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ করেছে।এলাকাবাসী জানান, সৈয়দ আহম্মদ মুন্সী ১৯৭২ সালে মুন্সীবাজার এলাকায় ৫৪ শতক জমি দান করে চর মার্টিন মুন্সীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর পাশে একটি জামে মসজিদ রয়েছে। সেটির জমিও আহম্মদ মুন্সীর দান করা। সম্প্রতি আহম্মদ মুন্সীর উত্তরাধিকারীরা দাবি করেন মাদ্রাসা কর্তৃপক্ষ পার্শ্ববর্তী মসজিদের জমি দখল করে তার ওপর ঘর তুলেছে। তাঁদের দাবি, এলাকার মুসল্লিরা যে পথ ব্যবহার করে মসজিদে যান, সে পথ দখল করে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘর তুলেছে। এ বিষয়ে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ওই জায়গা ছেড়ে দিতে বলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর কথা না শুনলে গতকাল তিনি লোকজন নিয়ে ওই ঘর উচ্ছেদ করেন। এ সময় সংঘর্ষে আহত হন মাদ্রাসার অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, শিক্ষক আবদুর রব, মো. ইসমাইল, আবদুল ওহাব, আবুল কালাম, ছাত্র মামুন হোসেন ও আবদুল কাদের। অপর পক্ষের আহত ব্যক্তিরা হচ্ছেন আবুল খায়ের, আবদুছ ছোবাহান, আবু মাঝি ও মো. ফারুক। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মাদ্রাসার অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, ইউপি চেয়ারম্যান মাদ্রাসার জমি দখল করতে এসে হামলা ও ভাঙচুর করেছেন। তবে ইউপি চেয়ারম্যান আবু ছাইদ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও ছাত্র-শিক্ষকদের মারধর করার কথা অস্বীকার করেন। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আবু তাহের বলেন, মাদ্রাসার জমি নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তি করার প্রক্রিয়া অব্যাহত ছিল। এরই মধ্যে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহে আলম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আবু তাহের, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এখনো কেউ মামলা করতে থানায় আসেনি।