লক্ষ্মীপুরের কমলনগরে স্বাস্থ্য সহকারী পদে মুক্তিযোদ্ধা কোটায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এতে করে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত অমান্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্বাস্থ্য সহকারী পদে মক্তিযোদ্ধা কোটায় আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কেবল তিনিই ওই উপজেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫ জন প্রার্থীর সঙ্গে মৌখিক পরীক্ষায় অংশ নেন।গত ১৩ এপ্রিল প্রকাশিত চূড়ান্ত ফলাফল বিবরণীতে দেখা যায়, ওই উপজেলায় ১৫ জন স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হলেও তাতে মুক্তিযোদ্ধা কোটায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। রিয়াজ উদ্দিন দাবি করেন, এতে করে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তিনি স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বঞ্চিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে সরকারি, আধাসরকারি ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ আসন কঠোরভাবে সংরক্ষণের সিদ্ধান্ত হয়। বৈঠকে ন্যূনতম পাস নম্বর পেলেই মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিতে নেওয়ারও সিদ্ধান্ত হয়।রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে কমলনগর উপজেলায় মন্ত্রিসভার ওই সিদ্ধান্ত মানা হয়নি। কমলনগরে স্বাস্থ্য সহকারী পদে মুক্তিযোদ্ধা কোটায় কাউকে নিয়োগ না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. শামছুল আশরাফ খান বলেন, ওই পদে নিয়োগের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় নিয়োগ কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. মো. সিদ্দিকুর রহমান বলেন, আবেদনকারী যে ওয়ার্ড থেকে আবেদন করেছেন সেই ওয়ার্ডে একটি মাত্র পদ শূন্য ছিল। তাই একটি পদের বিপরীতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের সংরক্ষিত কোটা অনুসরণ করা যায়নি।