কমলনগরে মেঘনার ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলার লুধূয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একই দাবিতে সমাবেশ করেন তাঁরা।
উপজেলার চরফলকন উচ্চবিদ্যালয়, সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ও ফয়েজুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ব্যবসায়ী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সাংসদ আবদুল্লাহ আল মামুন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন, সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্যাহ বাহার, চরফলকন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিহা সুলতানা, ব্যবসায়ী নুরনবী বাঘা প্রমুখ।