কমলনগরে যুবকের গলিত লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ বাজারের অদূরে শৌচাগারের ট্যাংক থেকে গতকাল সোমবার মাকছুদুর রহমান (২৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ২৮ মে থেকে মাকছুদুর রহমান নিখোঁজ ছিলেন। তাঁর বাড়ি চরলরেঞ্চ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। মাকছুদুর মুক্তিযোদ্ধা সংসদের কেয়ারটেকার (স্বেচ্ছাসেবক) হিসেবে কাজ করতেন।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, হাজিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে মাকছুদুরের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশে তাঁর একটি লুঙ্গি ও একটি গেঞ্জি পাওয়া যায়। লাশটি গলিত অবস্থায় ছিল। সাত-আট দিন আগে হত্যা করে লাশটি ওই ট্যাংকে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিক উদ্দিন বলেন, মাকছুদুর চরলরেঞ্চ বাজারে ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। গত ২৮ মে তিনি চরলরেঞ্চ বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল সকালে এলাকার লোকজন সানাউল্লাহ তহশিলদারের বাড়ির শৌচাগারের পাশে মাকছুদুরের লুঙ্গি ও গেঞ্জি পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে ট্যাংকের ঢাকনা খুলে লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
মাকছুদুরের মা মনিজা বেগম বলেন, তাঁর চার ছেলের মধ্যে মাকছুদুর সবার বড়। তাঁর উপার্জনেই সংসার চলত। কারও সঙ্গে তাঁর ছেলের বিরোধ ছিল বলে তিনি কখনো শোনেননি। কেন তাঁকে মেরে ফেলা হলো, তা তিনি বুঝতে পারছেন না।
সানাউল্লাহ তহশিলদার বলেন, মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ২৪ মে থেকে বাসায় তালা দিয়ে পরিবারসহ তিনি ঢাকায় ছিলেন। রোববার দিবাগত রাতে তিনি বাসায় ফেরেন। এরপর সোমবার দুপুরে তাঁর বাসার শৌচাগারের ট্যাংক থেকে মাকছুদুরের লাশ উদ্ধার হয়। তিনি এর বেশি কিছু জানেন না।