কমলনগরে যুবলীগ কর্মীর লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের একটি ফসলের মাঠ থেকে গতকাল রোববার মো. আবদুর রব (৩৫) নামে যুবলীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবদুর রবের বাড়ি চরপাগলা গ্রামে। তিনি যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে এলাকায় ছবিসহ তাঁর অনেক ফেস্টুন ঝোলানো রয়েছে।
আবদুর রবের মামাতো ভাই ফজুমিয়ার হাট বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন বলেন, যুবলীগের রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি আবদুর রব কয়েক বছর ধরে এলাকায় গরু কেনাবেচার কাজ করতেন। গত শনিবার রাতে তিনি ফজুমিয়ার হাট থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে বাড়ির কাছে একটি ফসলের মাঠে তাঁর লাশ পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে আবদুর রবের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, লাশের বাঁ হাত ও পেটে ব্লেডজাতীয় ধারালো কোনো কিছুর কাটা দাগ এবং গলায় আঘাত বা চাপজনিত ফোলা চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতে আবদুর রবকে হত্যা করে ওই মাঠে লাশ ফেলে রাখা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ওসি জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজ গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।