কমলনগরে সংঘর্ষ নারীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে ওই সংঘর্ষ ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তোরাবগঞ্জ এলাকার আবু তাহেরের সঙ্গে একই এলাকার মো. ইউনুছের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল আবু তাহেরের লোকজন বিতর্কিত জমিতে কাজ করতে গেলে মো. ইউনুছের ছেলে স্থানীয় চরলরেন্স ইউনিয়ন পরিষদের সদস্য মো. নিজাম উদ্দিন লোকজন নিয়ে বাধা দেন। ওই সময় উভয় পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। আবু তাহেরের ছেলে ইউছুফ আলী জানান, পৈতৃক জমিতে তাঁরা সকালে কাজ করছিলেন। ওই সময় নিজাম মেম্বার লোকজন নিয়ে হামলা চালান। এতে তাঁর বাবা আবু তাহের (৫০), মা আয়েশা বেগম (৪৬), ভাই মোবারক হোসেন (২২), আমির হোসেন (২০) ও বোন ইয়াছমিন আক্তার (১৫) গুরুতর আহত হন। পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, তাঁদের কেনা জমি অবৈধভাবে দখল করে আবু তাহের ল্যাট্রিন নির্মাণ করছিলেন। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই নির্মাণকাজে বাধা দিলে আবু তাহেরের লোকজন তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান। এতে তাঁদের পক্ষের মো. কামাল উদ্দিন (৩০), জামাল উদ্দিন (৩২), মাকছুদুর রহমান (২১), মো. ইসমাইলসহ (২৩) পাঁচজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।