লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট উপকূল কলেজের সামনে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল সোমবার সকালে লেগুনাচাপায় হাজেরা আক্তার ওরফে রুপা (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
হাজেরা চরজাঙ্গালিয়া গ্রামের ফিরোজ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মক্তবে পড়া শেষ করে গতকাল সকাল নয়টার দিকে হাজেরা বাড়ি ফিরছিল। ওই সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা রামগতিগামী একটি লেগুনা হাজিরহাট উপকূল কলেজের সামনে তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হাজেরা মারা যায়।
এ ঘটনার প্রতিবাদে হাজিরহাট উপকূল কলেজের ছাত্ররা কলেজের সামনে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। পরে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, হাজেরার লাশ তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন। এ ব্যাপারে তার স্বজনেরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।